Views Bangladesh Logo

সিলেট থেকে স্পেনে গেল প্রথম কার্গো ফ্লাইট

০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেন গেল প্রথম কার্গো ফ্লাইট। এর মাধ্যমে ইউরোপে বাণিজ্য সম্প্রসারণে সিলেট তথা বাংলাদেশের ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারবাস ৩৩০ মডেলের একটি কার্গো ফ্লাইট। ফ্লাইটিতে শুধুমাত্র গার্মেন্টস পণ্য বহন করা হয়। এত কোনো যাত্রী ছিল না।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্গো ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্লাইটটি চালুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, ‘সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। আমরা আজ যে সাফল্য অর্জন করেছি, এটি কোনোভাবেই চূড়ান্ত গন্তব্য নয় বরং একটি যাত্রার শুরু। ব্যবসায়ীরা এতদিন অন্য দেশের বিমানবন্দর ব্যবহার করে যে পরিমাণ খরচ করতেন, এখন তার চেয়ে অনেক কম খরচে দেশ থেকেই কার্গো পরিবহন করতে পারবেন। স্বাধীনতার পর এটিই প্রথমবার ঢাকার বাইরে থেকে কার্গো ফ্লাইট শুরু হলো। এটি সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হওয়া নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ।’

বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দর। এই দাবিতে তারা হরতাল পর্যন্ত করেছেন। সিলেটবাসী দীর্ঘদিন ধরে এ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। আজ কার্গো ফ্লাইটের যাত্রা শুরু হলো, এটি অব্যাহত থাকলে সিলেটবাসী ব্যাপকভাবে উপকৃত হবেন।’

এ ছাড়াও অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘এই উদ্যোগ দেশের রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে রপ্তানি খাতে যুগান্তকারী উন্নতি হবে। আপাতত সিলেট থেকে সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালিত হবে। ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানো হবে।’

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, এই ফ্লাইট চালু হওয়ায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য নতুন যুগের সূচনা হলো।

জানা গেছে, প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়। এর পাশপাশি কার্গো ফ্লাইট চালুর জন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ