Views Bangladesh Logo

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ায় আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে যেসব কর্মী মালয়েশিয়ায় যাবেন, তাদের বিমানভাড়া ও অভিবাসনসংক্রান্ত অন্যান্য সব খরচ বহন করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ ভাড়াকরা বিমানে এসব কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর এবং দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় চালুর পথ তৈরি হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নিয়োগকারী সংস্থা বাছাইয়ের একক কর্তৃত্ব দেশটির সরকারের হাতে। এই আইনি কাঠামোর মধ্যেই বর্তমান সরকার সর্বোচ্চ সুবিধাজনক শর্তে কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা করেছে।

মালয়েশিয়া-বাংলাদেশের উচ্চপর্যায়ের যৌথ কমিটির যাচাই-বাছাইয়ের পর মোট ৩৩৮টি নিয়োগকারী সংস্থা ও উপ-সংস্থাকে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার মন্ত্রিসভা অনুমোদিত ২৫টি প্রধান নিয়োগকারী সংস্থা এবং একটি সরকারি সংস্থা রয়েছে। বাংলাদেশের বিশেষ অনুরোধে আগের অন্তর্বর্তী সরকারের অনুমোদিত ৪২৩টি সংস্থার তালিকা থেকে বিতর্কিত নাম বাদ দিয়ে আরও ৩১২টি সংস্থাকে সহযোগী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়েও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১৬টি অনুমোদিত চিকিৎসাকেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। অতীতে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত চিকিৎসাকেন্দ্রগুলো এ প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। শিগগিরই মালয়েশিয়ার তিনটি মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। তাদের সফরের পর অনুমোদিত চিকিৎসাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করা হবে।

কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আবাসন ও চিকিৎসাসেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ সেল ও সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে দালাল ও মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্ক করেছে মন্ত্রণালয়। বাকি আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের আগে কাউকে কোনো ধরনের টাকা দেওয়া, স্বাস্থ্য পরীক্ষা করানো কিংবা পাসপোর্ট জমা না দেওয়ার জন্য জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ