১০% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগে কর ছাড় পাবে প্রতিষ্ঠান
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশেষ কর রেয়াতের ঘোষণা দিয়েছে সরকার।
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কোনো প্রতিষ্ঠান তাদের মোট জনবলের অন্তত ১০ শতাংশ অথবা ন্যূনতম ২৫ জন প্রতিবন্ধী কিংবা তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নিয়োগ দিলে বিশেষ কর সুবিধা পাবে।
প্রস্তাব অনুযায়ী, যোগ্য প্রতিষ্ঠানগুলো প্রদেয় করের ৫ শতাংশ অথবা সংশ্লিষ্ট কর্মীদের দেওয়া মোট বেতনের ৭৫ শতাংশের মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ কর রেয়াত হিসেবে পাবে।
বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারকেও বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধী সন্তানের করদাতা পিতামাতা বা আইনগত অভিভাবকদের করমুক্ত আয়সীমা অতিরিক্ত ৫০ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রতিটি প্রতিবন্ধী সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে।
এছাড়া প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। সরকার মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

মতামত দিন