Views Bangladesh Logo

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেট লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভবনটির নাম রুনা টাওয়ার। ১১ তলা ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ। তার দুই ছেলে প্রবাসী ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। ইউসুফ নিষিদ্ধঘোষিত স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন পর গ্রেপ্তার হওয়া আজিজ বর্তমানে কারাগারে রয়েছেন।

ভবনের নিরাপত্তাকর্মী মো. আলমগীর জানান, সোমবার রাতে এলাকায় বিদ্যুৎ ছিল না। এ সময় প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে তাকে গেটের ভেতরে রেখে বন্ধ করে দিতে বলেন। পরে তারা গেট লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যান। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

ভবনমালিক মোহাম্মদ ইউসুফ জানান, সোমবার দুপুর ১২টার দিকে তার ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, তার ছেলেমেয়েরা কোথায় কী করেন, তাদের জীবনবৃত্তান্ত এবং কোথায় কোথায় বাড়ি রয়েছে—এসব তথ্য তাদের জানা। এক ঘণ্টার মধ্যে বড় ভাইয়ের কথামতো ৫০ লাখ টাকা দিতে বলা হয়। অন্যথায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী পাশের এক দোকানদার জানান, তিনি দোকানের ভেতরে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে বাইরে এসে দুই যুবককে দৌড়ে চলে যেতে দেখেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি করা হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

এর আগে গত ১৩ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে সন্ত্রাসী মোবারক হোসেন ইমনের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়।

এর আগে গত ১৩ জুন নগরের বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে দুই কোটি টাকা চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে ইমনের অনুসারীদের বিরুদ্ধে। ওই ঘটনাগুলোর পর মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে চাঁদাবাজি বন্ধ এবং ইমনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ইমন বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। পরে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ২৯ জুলাই যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ১০ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ