সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ
সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনের ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে এতে ফটকের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) আফজাল হোসেন অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে এসএমপি কমিশনার সারওয়ার মুর্শেদ শামীমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, কাপড় বা পলিথিনজাতীয় কোনো বস্তু ব্যবহার করে ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে আগুনে ফটকের তেমন ক্ষতি হয়নি। ঘটনাস্থলে ফটকের নিচে কিছু ছাই পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী সিলেট সফরে গেলে সাধারণত এই বাড়িতেই অবস্থান করেন।
এদিকে অগ্নিসংযোগের খবর পেয়ে শুক্রবার সকালে বাড়িটি পরিদর্শনে যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, চলাচলের পথে পেট্রোল বোমাসদৃশ কোনো বস্তু ছুড়ে ফেলে দুর্বৃত্তরা চলে গেছে। তাঁর দাবি, এ ধরনের চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা সম্ভব হবে না।
তবে এ ঘটনায় আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
মতামত দিন