ফায়ার সার্ভিসকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: ডিজি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
সোমবার (৪ মে) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরে আন্তর্জাতিক ফায়ারফাইটার্স দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রথম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। পরে দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে নির্বাচিত ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা এবং ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত ৭৩ জন কর্মকর্তার সন্তানদের শিক্ষা সম্মাননা প্রদান করা হয়।
মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিসের কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি সম্প্রতি চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।
দেশজুড়ে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া প্রদান ও উদ্ধার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে