শীতলক্ষ্যায় স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দায়িত্ব পালনকালে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি মো. সাদিক। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ডুবুরি সাদিক, শামসুল এবং স্পিডবোটচালক সজল একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মো. সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেছিলেন।
সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সাদিক একজন দক্ষ ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। তাকে দ্রুত উদ্ধারে উদ্ধারকারী দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মতামত দিন