Views Bangladesh Logo

৪৬ দিনে ১৫ স্থাপনা ও ২৭৪ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপিসহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধে গত ২৪ ঘণ্টায় ৪টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনায় ২টি বাস, একটি ট্রাক ও একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ও ৩৫ জন জনবল কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ১২ ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটে রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের পাশে ‘বাহন পরিবহন’ নামক একটি বাসে আগুন লাগে। এরপর বেলা ১২টা ১৮ মিনিটে গুলিস্তান হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের পাশে ‘সময় পরিবহন’ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ১২ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় মাগুরা সদরের কাচুন্দিতে একটি পিকআপে আগুন লাগে। সর্বশেষ ১২ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

আনোয়ারুল ইসলাম জানান, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত, ৪৬ দিনে দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে ১৭০টি বাস ১৭০টি, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য গাড়ি রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

গত ৩১ অক্টোবর থেকে দেশব্যাপী ১০ দফা অবরোধ ও তিন দফা হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপিসহ বিভিন্ন সমমনা দলগুলো। রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এরপর ১১তম দফায় ফের দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ দেয় দলটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ