ভৈরবে আগুনে ৪০ দোকান পুড়ে ছাই
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভয়াবহ আগুনে একটি জুতার বাজারের অন্তত ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে জলপরী পার্ক রোডের লালু-কালু মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক কাজী মাসুদ জানান, সম্ভবত বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সামনের সারির প্রায় সব দোকানই পুড়ে গেছে। আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
ভৈরব ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রাজন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত ছাড়া আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা কঠিন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে