Views Bangladesh Logo

দীঘিনালায় আগুনে পুড়ল ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে আগুন লাগার ঘটনায় অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এক বছরের ব্যবধানে একই স্থানে আবারও বড় ধরনের আগুনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দীঘিনালা ও সদর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দীঘিনালা ফায়ার স্টেশনের ইনচার্জ পঙ্কজ বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ওষুধ, কাপড়সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে।

অগ্নিনির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় লোকজনও অংশ নেয়।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রতিবছরই এ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু পর্যাপ্ত পানি ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতি বাড়ছে।

এদিকে পার্বত্য অঞ্চলের প্রধান উৎসব বৈসাবি সামনে রেখে ব্যবসায়ীরা নতুন পণ্য তুলেছিলেন। এমন সময়ে আগুনে সব পুড়ে যাওয়ায় অনেকেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ