ফরিদপুরে হাইওয়ে থানায় জব্দ করা বাসে আগুন
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় জব্দ করে রাখা একটি বাসে রহস্যজনকভাবে আগুন লেগেছে। শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আগুনের উৎস নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানার পাশে ঢাকা-খুলনা মহাসড়কে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।
পুলিশ জানায়, ঈদুল আযহার আগে ফরিদপুরের মধুখালীতে একটি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় আরএসএফ পরিবহনের বাসটি। এরপর সেটিকে জব্দ করে থানার প্রায় ১৫০ গজ পশ্চিমে মহাসড়কের পাশে রাখা হয়। বাসটির দেখাশোনার দায়িত্ব ছিল মালিকপক্ষের ওপর, যারা এক বা একাধিক লোক রাখত। তবে শনিবার দুপুরের পর থেকে তারা সেখানে উপস্থিত ছিলেন না।
ওসি সালাউদ্দিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে খবর পাই বাসটিতে আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের আসবাবপত্র ও সিট পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে