স্থাপনের পর টিউবওয়েলের মুখে বের হচ্ছে আগুন, আতঙ্কে স্থানীয়রা
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে একটি নতুন টিউবওয়েল স্থাপনের পর হাতল না চাপলেও পানি বের হওয়া এবং টিউবওয়েলের মুখে আগুন জ্বলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে বাবু হোসেনের বাড়িতে পানীয় জলের জন্য টিউবওয়েলটি স্থাপন করা হয়। স্থাপনের পর উপস্থিত লোকজন দেখতে পান, হাতল না চাপলেও টিউবওয়েল থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হচ্ছে। কিছুক্ষণ পর টিউবওয়েলের মুখে বুদবুদের শব্দও শোনা যায়।
টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ আলী জানান, শনিবার বিকেলে টিউবওয়েল বসানোর কাজ শেষ হওয়ার পর বিষয়টি তাদের নজরে আসে। পরে সন্দেহ হওয়ায় আগুন দিয়ে পরীক্ষা করলে টিউবওয়েলের মুখে শিখা জ্বলে ওঠে।
খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়দের অনেকের ধারণা, ভূগর্ভস্থ কোনো গ্যাসের উপস্থিতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারণ নিশ্চিত করেনি।
নিরাপত্তার স্বার্থে এলাকাবাসী প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় কৌতূহলের পাশাপাশি কিছুটা আতঙ্কও ছড়িয়ে পড়েছে।
মতামত দিন