Views Bangladesh Logo

সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই তিন রিসোর্ট

ক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে

এ বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গভীর রাতে হঠাৎ করে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে ৩০টি কক্ষ আগুনে পুড়ে ভস্মীভূত হয়।

দ্বীপের বাসিন্দা নুর মুহাম্মদ বলেন, ‘ময়লা পোড়ানোর আগুন থেকে প্রথমে শায়রী রিসোর্টে আগুন ধরে। পরে সেখান থেকে আরও দুটি রিসোর্টে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজনসহ এগিয়ে আসা কোস্টগার্ড, নৌবাহিনী, ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি বলে জানান সেন্টমার্টিনের দায়িত্বে থাকা টেকনাফ-২ বিজিবির উপঅধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, ‘আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো চেষ্টা চালানো হয়। দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটা জানা যায়নি।’

এদিকে কিংশুক ইকো রিসোর্ট এর সর্বাধিকারী সরওয়ার আলম জানান, মাত্র এক সপ্তাহ আগেই কিংশুক এবং বিচ ভ্যালি রিসোর্টের মেরামত এবং সাজসজ্জার কাজ শেষ হয়। এর মধ্যেই এই ঘটনা। কিংশুকের দেড় কোটি এবং বিচ ভ্যালির প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ