ফতুল্লায় ৪ জুটের গুদাম ও ৩ ইজিবাইক গ্যারেজ পুড়ে ছাই
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি জুটের গুদাম ও তিনটি ইজিবাইক গ্যারেজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে মাসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে এ আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে সড়কের পাশের জেলা পরিষদের জমিতে টিনের তৈরি বেশ কয়েকটি গুদাম ও গ্যারেজ রয়েছে। স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা এসব স্থাপনার কয়েকটি জুট ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। অন্য কয়েকটিতে ইজিবাইক রাখা ও মেরামতের কাজ চলত।
শুক্রবার ভোর ৬টার দিকে এসব স্থাপনার কোনো একটি থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের গুদাম ও গ্যারেজগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার চারটি জুটের গুদাম এবং আলী, শহিদ ও আনোয়ারের তিনটি ইজিবাইক গ্যারেজ আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও আশপাশের কলকারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও সহযোগিতা করেন।
ক্ষতিগ্রস্ত জুট ব্যবসায়ী আসলাম মেম্বার বলেন, আগুন ঠিক কোথা থেকে কীভাবে শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুনে গুদামে থাকা জুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের কোনো একটি গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।
মতামত দিন