Views Bangladesh Logo

নোয়াখালীতে ভবনে আগুন, ছাদে আটকে পড়াসহ ৩৫ জনকে উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদে আশ্রয় নেওয়া ২০ জনসহ মোট ৩৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট বাজারের শাহজালাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির নিচতলা, গোডাউন ও দ্বিতীয় তলায় প্রায় কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনটিতে ওয়ালটন কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্র্যান্ডের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শাহজালাল মার্কেটের নিচতলার একটি প্লাস্টিকের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ভবনের ছাদে থাকা ২০ জন ও ভেতরে থাকা ১৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাটের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর পাশাপাশি ভবনের ছাদে আটকে থাকা ২০ জন ও ভবনের ভেতরে থাকা আরও ১৫ জন মানুষকে নিরাপদে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

তিনি আরও জানান, ভবনের নিচে থাকা একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ