নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
বুধবার (১৫ জুলাই) ভোর ৫টায় কারখানাটির কাপড়ের গোডাউনে এই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানান, ভোরের দিকে হঠাৎ কারখানাটির গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন তীব্র আকার ধারণ করে। ধারণা করা হচ্ছে, গোডাউনে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও দাহ্য রাসায়নিক উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে।
তিনি আরও জানান, গোডাউনে থাকা কোনো রাসায়নিক (কেমিক্যাল) থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
মতামত দিন