গাজীপুরে গার্মেন্টসে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৩ অক্টোবর) পৌনে ৩টার দিকে সাততলা ভবনের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এদিকে কারখানার ভেতরে আটকা পড়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি পুরো ভবনে ঘন ধোঁয়া তৈরি হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় ভেতরে আটকা পড়া অন্তত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
পর্যায়ক্রমে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের আশপাশে পুকুর বা পানির অন্য কোনো উৎস না থাকায় আগুন নেভানোর কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের কর্মীদের অতিরিক্ত বেগ পেতে হচ্ছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মতামত দিন