Views Bangladesh Logo

আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ ভবনে আগুন

ঢাকার সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ডিইপিজেড সংলগ্ন ইউনিয়ন পরিষদ ভবনের সিঁড়িতে থাকা মালামালে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে স্থানীয়দের কাছ থেকে ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ভবনের সিঁড়ির নিচে সংরক্ষিত জেনারেটর, হুইলচেয়ার, মশানিধন কেমিক্যাল, ফগার মেশিন ও কাগজপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে ভবনের অন্যান্য কক্ষ অক্ষত রয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ