আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গুদামে আগুন
ঢাকার আশুলিয়ার নলাম এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় প্রয়োজন হলে অতিরিক্ত ইউনিট মোতায়েনের প্রস্তুতিও রাখা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গুদামটিতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা প্রথমে গুদামের পেছনের দিক থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জিরাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আগুন দ্রুত গুদামজুড়ে ছড়িয়ে পড়লে জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
অগ্নিনির্বাপণ কাজে শিল্প পুলিশের চারটি দলও সহায়তা করছে। আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আশপাশের বাড়ির বাসিন্দারা তাঁদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। ঘটনাস্থলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কনক চৌধুরী জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে।
মতামত দিন