উখিয়া বাজারে আগুন, নিহত ১
কক্সবাজারের উখিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১৬টি দোকান পুড়ে গেছে এবং অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া বাজারের দক্ষিণ পাশের একটি ইলেকট্রনিক্স দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
নিহত মোহাম্মদ আলী (৫৭) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিজাখিল গ্রামের আলী মিয়ার ছেলে। তিনি উখিয়া বাজারের একটি দোকানে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আগুনের শুরুতে ধোঁয়া উঠতে দেখেন ব্যবসায়ীরা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। দ্রুত ছড়িয়ে পড়ার কারণে অনেকেই মালামাল সরাতে পারেননি। কেউ কেউ দোকানের পেছনের দরজা ভেঙে বেরিয়ে জীবন রক্ষা করেছেন। মোহাম্মদ আলী দোকান থেকে বের হতে না পেরে দগ্ধ হয়ে মারা যান।
প্রাথমিকভাবে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, “আগুন লেগেছে বুঝতেই পারিনি। বাইরে এসে দেখেছি দোকান জ্বলছে। ফায়ার সার্ভিস না আসলে পুরো বাজারই শেষ হয়ে যেত।”
উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, আগুন লাগার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং সরকারি-বেসরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে