Views Bangladesh Logo

২১ ইউনিটের চেষ্টায় টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ১০

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশন কাজ করেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দ্রুত আগুন নেভানোর কার্যক্রম শুরু করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, কারখানার সাততলা ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। সেখানে ইনজেকশনসহ জরুরি ওষুধ থাকায় অগ্নিকাণ্ডের সময় শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। আগুন নেভানোর কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একজন কর্মীও শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কারখানাটির ইউনিট-২-এর ভবনে বুধবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন কারখানার কর্মীরা। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে টঙ্গী, গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকা থেকে বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরা সহায়তা করেন। আগুনের কারণে কারখানার আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহায়তা নিতে হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালকের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একজন ফায়ার সার্ভিসকর্মীসহ ১০ জন শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ