৪ ঘণ্টা পর সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রায় চার ঘণ্টা পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘অনন্ত অ্যাপারেলস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন।
স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানায়, বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে কারখানাটির কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার বর্ণনা দিয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে আমাদেরকে আগুনের বিষয়ে অবগত করা হয়েছিল। প্রাথমিকভাবে ইপিজেড ফায়ার সার্ভিস কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বেশি থাকায় পরবর্তীতে নারায়ণগঞ্জ ও কাঁচপুরসহ বিভিন্ন স্টেশন থেকে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও জানান, পরবর্তীতে ৯টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যেহেতু এটি কাপড়ের গুদাম ছিল, তাই কিছু কিছু স্থানে এখনো অল্প অল্প আগুন জ্বলছে (ডাম্পিং ডাউন চলছে)। তবে এখন আর বড় কোনো ঝুঁকি নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো সম্ভব হবে।
মতামত দিন