Views Bangladesh Logo

ইনানি বিচে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রিসোর্টটি প্রয়োজনীয় অনুমোদন ও ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটোয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেখানে উদ্ধার অভিযান চালানো হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউনিট দুটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৮টার দিকে সেখানে পৌঁছায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ ঢাকায় সংস্থাটির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানান, টুপটুপ রিসোর্টটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। প্রতিষ্ঠানটির ফায়ার সার্ভিসের লাইসেন্সও ছিল না।

তিনি আরও জানান, গত জুনে পরিদর্শনের পর রিসোর্টটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস। এরপরও প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যায়।

এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান ও তদন্তের পাশাপাশি রিসোর্টটির অনুমোদন এবং নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও লাইসেন্স ছাড়া কীভাবে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ