গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানাটির হারবাল বিভাগে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর এলাকায় অবস্থিত।
কারখানার এক শ্রমিক জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আসেন। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার সহায়তায় শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মতামত দিন