রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, ৪ জনের মৃত্যু
রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া নামে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, নিহতরা সবাই পুরুষ। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আজ সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লেগেছে। পরে আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, হোটেল ভবনটি ছয়তলা, আগুন লাগে দুই তালায়। আগুন নিয়ন্ত্রণের পর আমাদের তল্লাশি দল হোটেলের ভেতরে চারজনের মরদেহ পায়। সব মরদেহ পাওয়া যায় ছয়তলায়। ছয় তলার বাথরুমের ভেতরের তিনটি সিঁড়ির গোড়ায় মরদেহগুলো পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা মারা ছিল। নিহতরা সবাই পুরুষ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে