Views Bangladesh Logo

গাজীপুরে ফার্নেস অয়েল কারখানায় আগুন

গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় টায়ার থেকে ফার্নেস অয়েল উৎপাদনকারী একটি কারখানায় বয়লার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সোয়া দুইটার দিকে পুবাইল কলেজ গেট এলাকার ‘অটো গ্রিন’ নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদনের সময় ব্যবহৃত বয়লারে অতিরিক্ত তাপমাত্রার কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ পুরোনো টায়ার ও মবিল মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা আশপাশের পুরো এলাকা ঢেকে ফেলে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কারখানাটি দীর্ঘদিন ধরে পুরোনো টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করছিল, যার ফলে এলাকায় দুর্গন্ধ ও পরিবেশ দূষণ নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ শিল্পকারখানার ওপর কঠোর নজরদারির দাবি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টঙ্গী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহিন আলম বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নেভানোর পর কারখানার ভেতরে বিস্তারিত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ