ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দাতিয়ারা এলাকার সাবস্টেশনটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এতে ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার মেরামতের কাজ চলছে। দ্রুত মেরামত শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শহরের কয়েকটি এলাকার বাসিন্দারা। মেরামত কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মতামত দিন