ঢাবি শিক্ষার্থী রাহিদকে মারধরের ঘটনায় এজাহার প্রত্যাহার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের ঘটনায় তার মা শাহবাগ থানায় দায়ের করা এজাহার প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন্স) এবং ভুক্তভোগীর মা পারভীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে পারভীন আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি এজাহার দাখিল করেন। ওই এজাহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে আরও ১০–১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযোগটি প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে গত সোমবার ভোরে তাকে মারধর করা হয় এবং পরে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা।
রাহিদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে