বগুড়ায় বেকারি পণ্যে অননুমোদিত রাসায়নিক ফ্লেভার, জরিমানা
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও অননুমোদিত রাসায়নিক ফ্লেভার ব্যবহার করায় নূর বেকারি নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া মহানগরের ঠনঠনিয়া শাহপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বগুড়া জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ উদ্যোগে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহজালাল।
ভাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, গুণগত মান যাচাইয়ের সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং বাথরুমের দরজার পাশে ময়দার ডো তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, অপরিষ্কার কাঠের টেবিল ব্যবহার এবং প্রস্তুত করা পাউরুটি মেঝেতে ফেলে রাখতে দেখা যায়।
এসব ঘটনায় দোষ স্বীকারের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করাসহ নানা অনিয়মের ব্যাপারে প্রতিষ্ঠানের মালিকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।
মতামত দিন