Views Bangladesh Logo

শিপইয়ার্ডে দুর্ঘটনা: অসুস্থ শ্রমিকদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে অসুস্থ শ্রমিকদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে তিনি চমেক হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এদিকে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের সান্ত্বনা দিতে এবং অসুস্থ শ্রমিকদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জানান, দুর্ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এই অর্থ দেবে।

এর আগে শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এতে অন্তত আট শ্রমিক নিহত হন।

নিহতদের মধ্যে হাবিবুর রহমান, পলাশ দাশ, সানি দাশ, মনসুর আলী, নাসির উদ্দিন, মো. খোকন ও মো. রানার নাম জানা গেছে। বিষাক্ত গ্যাসে অসুস্থ আরও কয়েকজন শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ