ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে কর বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী: বাণিজ্যমন্ত্রী
অর্থমন্ত্রী আমীর খসরু ব্যক্তি পর্যায়ে কর বাড়ানোর কথা বলেননি; বরং কর-জিডিপি অনুপাত বৃদ্ধি করার কথা বলেছেন- এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘এফটিএ’ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ চিঠি পাঠিয়েছে। তিনি আরও বলেন, রমজানের বাকি সময় ও পরবর্তী কয়েক মাস দেশের বাজার স্থিতিশীল থাকবে।
বিশ্ববাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফের কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করছে। তবে শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করা হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন।
এদিকে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সিলেট অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং হাওরে বাঁধ নির্মাণসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ায় তা দূর করা বড় চ্যালেঞ্জ। তবে জনস্বার্থে নেওয়া উদ্যোগগুলো দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সৌদি আরব, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে