Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র সফর করবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক-এর ২০২৬ সালের বসন্তকালীন অধিবেশনে যোগদানের জন্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি অর্থমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি দেশের অর্থনৈতিক কূটনীতি এবং নতুন অর্থনৈতিক নীতির দিকনির্দেশনা আন্তর্জাতিক অংশীদারদের কাছে তুলে ধরার বড় সুযোগ।

প্রতি বছরের মতো এ বছরও অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেবেন। আলোচনার বিষয় হবে বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি, প্রবৃদ্ধির ধারা এবং নীতিনির্ধারণী দিকনির্দেশনা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো আইএমএফ-এর সঙ্গে বাংলাদেশের ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির সর্বশেষ অবস্থার পর্যালোচনা। পরবর্তী কিস্তি পেতে হলে রাজস্ব আদায় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং আর্থিক খাতে সংস্কারসহ কিছু শর্ত পূরণ করতে হবে।

যুক্তরাষ্ট্র সফরের সময় অর্থমন্ত্রী আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বৈঠকে ঋণ কিস্তি দ্রুত ছাড়, শর্ত বাস্তবায়নের সময়সীমা শিথিলকরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নীতিগত সহায়তার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

অর্থ মন্ত্রণালয় জানায়, এই সফর বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। সফল আলোচনা হলে বৈদেশিক সহায়তা প্রবাহ বাড়বে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা জোরদার হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ