১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
হালনাগাদ ও চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছেন এবং যাদের জন্মতারিখ ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদের যাচাই-বাছাই শেষে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া চলতি বছরের ৩১ মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা নাগরিকদেরই চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত করা হবে।
ইসি জানিয়েছে, আগামী ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩ মে পর্যন্ত নাগরিকরা ভোটার তথ্য সংশোধন, ঠিকানা পরিবর্তন বা স্থানান্তরের আবেদন করতে পারবেন।
সংশোধন ও আপত্তি সংক্রান্ত সব আবেদন ৬ মে’র মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রস্তুত করে ১৪ মে তা প্রকাশ করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, হালনাগাদ তালিকায় নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হবে এবং মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে। এর মাধ্যমে একটি নির্ভুল ও যাচাইকৃত ভোটার ডাটাবেজ তৈরি করা হবে।
নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে প্রয়োজনীয় সংশোধন ও আপডেটের আবেদন জমা দিতে বলা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে