স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা ২৭ আগস্ট
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে।
বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসি জানায়, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রণীত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করতে হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর ১৮ আগস্ট পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। পরে আবেদনগুলো যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ ২৩ আগস্টের মধ্যে শেষ করে ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
চিঠিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভোটকেন্দ্র নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে স্থায়ী ভবনে ভোটকক্ষ স্থাপনের সুযোগ থাকলে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণের প্রস্তাব না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।
মতামত দিন