Views Bangladesh Logo

সংসদ স্পিকারের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক দিলারা হাফিজ গত শনিবার সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে দেশে আনা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয় এবং চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

অধ্যাপক দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৮ সালে ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তার কর্মজীবন শুরু হয় সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।

অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ