Views Bangladesh Logo

স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সমন্বয় সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সেখানে ‘ঢাকা মহানগরীতে চলমান ও নির্ধারিত মেগা প্রকল্পসমূহের নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনি এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যে সম্ভাব্য সূচি প্রকাশ করেছে, সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। আগামী ১৭ সেপ্টেম্বরের সভা পর্যন্ত অপেক্ষা করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগরীর যানজট নিরসনে সমন্বয়ের উদ্যোগ
ঢাকা নগরীতে চলমান প্রকল্প, জনভোগান্তি ও যানজট নিরসনবিষয়ক সভা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধান উদ্দেশ্য নগরবাসীকে স্বস্তি দেওয়া, ভোগান্তি কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা।

তিনি বলেন, বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রবণতা প্রকট আকার ধারণ করে। আন্তসংস্থা সমন্বয়ের মাধ্যমে একই সময়ে ইউটিলিটি শিফটিং ও অন্যান্য নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, চলমান এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ অন্যান্য সংস্থার মেগা প্রকল্পগুলোর কাজ তদারকির জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

সার্বিক কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি ১৫ দিন পরপর এ সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়ে সাবকমিটির মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ