Views Bangladesh Logo

ঈদ শেষে ফিরতি ট্রেনযাত্রা, আজ মিলছে ৪ জুনের টিকিট

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরাতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৫ মে) বিক্রি করা হচ্ছে আগামী ৪ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ঈদযাত্রাকে কেন্দ্র করে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, এর আগে ২১ মে বিক্রি করা হয় ৩১ মে’র টিকিট, ২২ মে বিক্রি হয় ১ জুনের, ২৩ মে বিক্রি হয় ২ জুনের এবং ২৪ মে বিক্রি করা হয় ৩ জুনের যাত্রার টিকিট।

রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ