Views Bangladesh Logo

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি আমদানির নির্ধারিত প্রক্রিয়া শেষ হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে ইউরেনিয়ামবাহী নবম ও সর্বশেষ চালানটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত সব পারমাণবিক জ্বালানি দেশে আনার কাজ সম্পন্ন হলো।

শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানির সর্বশেষ চালান প্রকল্প এলাকায় নেওয়া হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লরিগুলো বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। রাশিয়া থেকে বিশেষায়িত কার্গো বিমানে আনার পর এসব জ্বালানি সড়কপথে প্রকল্প এলাকায় পরিবহন করা হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানি হিসেবে ৪৮টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা ছিল। দ্বিতীয় ইউনিটের জ্বালানি সাতটি চালানে এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি দুটি চালানে দেশে আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত নয়টি চালানের সব কটি পৌঁছানোর মধ্য দিয়ে এ সরবরাহ কার্যক্রমের সমাপ্তি ঘটল।

রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

এদিকে পারমাণবিক জ্বালানি আমদানির কাজ শেষ হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ২৩ নভেম্বর দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হয়। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনের তথ্য অনুযায়ী, এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কেন্দ্রটির উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন সক্ষমতা পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে শুরু হওয়া পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত চলে। আট ঘণ্টার বেশি সময়ের ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল।

পারমাণবিক জ্বালানির সব চালান পৌঁছানো এবং জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের ধারাবাহিকতা রূপপুর প্রকল্পের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে দুটি ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতা অর্জনের আগে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, নিরাপত্তা যাচাই ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ