Views Bangladesh Logo

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়া হবে: তথ্যমন্ত্রী

রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে সরকার সৃজনশীল খাতকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশের চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

তথ্যমন্ত্রী বলেন, আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আসিনি। আমরা বলেছি, এভাবে চলতে পারে না। রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, চলচ্চিত্রসহ সৃজনশীল শিল্প সভ্যতার একটি গুরুত্বপূর্ণ ‘সফট পাওয়ার’। এই শক্তিকে সমৃদ্ধ করতে শিল্পী, নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মন্ত্রী জানান, চলচ্চিত্র শিল্পের প্রতিটি স্তরে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিতে চায়। বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকর সমন্বয় ছাড়া মানসম্মত সৃজনশীল উৎপাদন সম্ভব নয়।

চলচ্চিত্র খাতের সংস্কার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জুরি বোর্ডকে চলচ্চিত্র অঙ্গনের সবাই স্বাগত জানিয়েছে। অতীতে এসব বোর্ড গঠন নিয়ে বিতর্ক থাকলেও এবার কোনো বিতর্ক ছাড়াই সংশ্লিষ্টরা নতুন বোর্ডকে সমর্থন জানিয়েছেন।

তিনি আরও জানান, আগামী অর্থবছরের বাজেটে চলচ্চিত্রে সরকারি অনুদানের পরিমাণ বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি অনুদানের অর্থ দ্রুত ছাড় এবং নির্ধারিত সময়ে চলচ্চিত্র নির্মাণ শেষ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সিনেমা হলের সংখ্যা কমে যাওয়াকে চলচ্চিত্র শিল্পের অন্যতম বড় সংকট উল্লেখ করে মন্ত্রী বলেন, একক সিনেমা হলগুলো টিকিয়ে রাখা ও আধুনিকায়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ