ঢাকার বৃহত্তম প্রেক্ষাগৃহ মধুমিতায় চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ১৩ সিনেমা
রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। ঢাকা শহরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হবে ১৩টি বাংলা সিনেমা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে আগামী ২২ আগস্ট শুরু হবে উৎসব। বুধবার মধুমিতা সিনেমা হলে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
উদ্বোধনী দিন ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। পরদিন ২৩ আগস্ট বেলা ৩টায় ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’ দেখানো হবে।
২৪ আগস্ট বেলা ৩টায় থাকছে ‘জীবন থেকে নেয়া’ এবং সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’। ২৫ আগস্ট বেলা ৩টায় ‘অশিক্ষিত’ ও সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’ প্রদর্শিত হবে।
উৎসবের পঞ্চম দিন ২৬ আগস্ট বেলা ৩টায় ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’ দেখানো হবে। ২৭ আগস্ট বেলা ৩টায় ‘দূরদেশ’ ও সন্ধ্যা ৬টায় ‘দহন’ এবং শেষ দিন ২৮ আগস্ট বেলা ৩টায় ‘দোস্ত দুশমন’ ও সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’ প্রদর্শিত হবে।
সমাপনী দিনে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের ৫৮ জন শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও চিত্রগ্রাহককে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
উৎসব বাস্তবায়নে গঠিত কমিটির আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলি। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অভিনেত্রী দিলারা জামান, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তর।
মতামত দিন