১৯ বলে ফিফটি, জিসানের তাণ্ডবে মালয়েশিয়াকে উড়িয়ে দিল এইচপি
জিসান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে মালয়েশিয়াকে সহজেই হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মালয়েশিয়ার দেওয়া ১০৬ রানের লক্ষ্য মাত্র ৭.৪ ওভারেই পেরিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে এইচপি দল।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে মালয়েশিয়া। ১৯ রানে হারায় দুই ওপেনারকে। তৃতীয় উইকেটে সাইদ আজিজ ও আহমেদ আকিল ৫৮ রানের জুটি গড়ে দলকে কিছুটা সামলে নেন। তবে তাঁদের বিদায়ের পর আর বড় সংগ্রহ গড়তে পারেনি মালয়েশিয়া। ২০ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১০৫ রান করে তারা।
মালয়েশিয়ার হয়ে সাইদ আজিজ ৫২ বলে ৪০ এবং আহমেদ আকিল ৩৩ বলে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও আবু হায়দার একটি করে উইকেট নেন।
জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার। জাওয়াদ আবরার ৮ বলে ২৩ রান করে ফিরলেও জিসান আলমের ব্যাটিংয়ে ম্যাচ দ্রুতই একপেশে হয়ে যায়।
মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করেন জিসান। শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ৭টি ছক্কা। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে নেয় বাংলাদেশ।
দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন জিসান আলম।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করে এবার ওয়ানডে সিরিজের প্রস্তুতি নেবে বাংলাদেশ এইচপি দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পরশু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।
মতামত দিন