ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি
ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ছয় নারীসহ ৫০ বাংলাদেশি নাগরিক। রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি খুলনা, নড়াইল, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায়। তাদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মকর্তাদের উপস্থিতিতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রায় সাড়ে তিন বছর আগে ভালো কাজের খোঁজে সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতের তামিলনাড়ু রাজ্যে যান এই বাংলাদেশিরা। সেখানে তারা বিভিন্ন দোকান, হাসপাতাল, কারখানা ও কৃষিক্ষেত্রে কাজ শুরু করেন। পরে স্থানীয় পুলিশের হাতে আটক হলে ভারতীয় আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজার মেয়াদ শেষ হওয়ার পর পরিচয় যাচাই ও প্রত্যাবাসন (স্বদেশে ফেরত আনা) প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদেরকে তামিলনাড়ুর সালেম জেলার একটি আশ্রয়কেন্দ্রে (শেল্টার হোম) রাখা হয়েছিল। বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ের পর অবশেষে তাদের দেশে ফিরিয়ে আনা হলো।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য 'জাস্টিস অ্যান্ড কেয়ার' এবং 'রাইটস যশোর' নামের দুটি বেসরকারি সংস্থা (এনজিও) তাদের গ্রহণ করে। মধ্যরাতের আগেই সংস্থা দুটির প্রতিনিধিরা ফেরত আসা বাংলাদেশিদের নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হন।
মতামত দিন