অফসাইড যাচাইয়ে বিশ্বকাপে নতুন প্রযুক্তি আনছে ফিফা
২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন নানা কিছুই দেখা যাচ্ছে। প্রথমবারের মতো তিন দেশ মিলিয়ে আয়োজন হচ্ছে এই আসর, আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ এবারই প্রথম খেলবে ৪৮টি দল। প্রযুক্তির দিক থেকেও থাকছে উন্নত ব্যবস্থা—অফসাইড যাচাইয়ে রেফারিদের কাজ সহজ করতে আসছে নতুন এক প্রযুক্তি।
গত রাতে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদন অনুযায়ী, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (ভিএআর) জন্য এবার উন্নত আধা স্বয়ংক্রিয় (সেমি-অটোমেটেড) অফসাইড প্রযুক্তি চালু করছে ফিফা, যাতে অফসাইডের সিদ্ধান্ত আরও দ্রুত নেওয়া যায়। সাধারণত অফসাইডের কিছুক্ষণ পর পতাকা তোলেন লাইনসম্যান; নতুন প্রযুক্তিতে সেই দেরি আর তেমন হবে না।
এই প্রযুক্তিতে সংকেত দ্রুত পৌঁছে যাবে সহকারী রেফারির কাছে। কোনো ফুটবলার ১০ সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকলে রিয়েল-টাইমে অডিও অ্যালার্টের মাধ্যমে তা জানতে পারবেন সহকারী রেফারিরা। তবে কখন পতাকা তুলতে হবে বা খেলা থামাতে হবে—এমন চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে রেফারিদের হাতেই; সন্দেহ থাকলে তিনি পতাকা না-ও তুলতে পারেন।
বিবিসির প্রতিবেদন বলছে, ভুল এড়াতে প্রযুক্তিটিতে সুরক্ষামূলক ব্যবস্থা রাখা হয়েছে। তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে—গা-ঘেঁষা অফসাইড এটি ধরতে পারবে না। ফুটবলাররা মাঠে পড়ে থাকলে বা কয়েকজন খুব কাছাকাছি থাকলেও সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়বে। মূলত অবস্থানের ভিত্তিতেই অফসাইড নির্ণয় করবে এটি, আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রেফারিই।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার অভিযানে নামবে আর্জেন্টিনা। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা; গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ২২ ও ২৮ জুন তাদের প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে