২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলতে আলোচনা করবে ফিফা
ফিফা ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-তে উন্নীত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেওয়ার পর এবার আরও বড় পরিসরে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা যাচাই করছে সংস্থাটি।
সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ব্লুউইন-কে দেওয়া সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, চলমান বিশ্বকাপ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব পর্যালোচনা করবে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে বলেও জানান তিনি।
ইনফান্তিনোর দাবি, ৪৮ দলের বিশ্বকাপ নিয়ে শুরুর দিকে নানা সমালোচনা থাকলেও এবারের টুর্নামেন্ট সফল হয়েছে। তার মতে, বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। তাই আরও বেশি দেশকে অংশগ্রহণের সুযোগ দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার অধিকার রয়েছে। ছোট দেশগুলোকে সুযোগ দেওয়া হলে তাদের ফুটবলের মানোন্নয়নে আগ্রহ ও প্রেরণা আরও বাড়বে। বর্তমানে বিশ্বজুড়ে ফুটবলের মানও ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
২০২৬ বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে প্রথমবার ৪৮ দল অংশ নিচ্ছে। ২০৩০ সালে যদি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত হয়, তাহলে আরও ১৬টি দেশ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলার সুযোগ পাবে।
মতামত দিন