Views Bangladesh Logo

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি ইনফান্তিনো

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ‘ভুল’ স্বীকার করে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের পূর্ণ সমর্থন পাওয়ায় তিনি আপাতত পদে বহাল থাকছেন।

মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফার জরুরি বৈঠকের পর সংস্থার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম এবং পরিচালনা পর্ষদের সদস্যরা এক যৌথ বিবৃতিতে বলেন, ফিফার ২১১ সদস্যদেশের ভোটে নির্বাচিত একমাত্র সভাপতি হিসেবে ইনফান্তিনোর প্রতি তাঁদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে।

এর আগে বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার লক্ষ্যে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেন ইনফান্তিনো। প্রস্তাব অনুযায়ী, সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে ৪ কোটি ডলার করে দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর উয়েফা, কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনসহ বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়। এমনকি উয়েফার অধিভুক্ত ৫৫টি দেশ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তও নেয়। শেষ পর্যন্ত গত শনিবার পরিকল্পনাটি প্রত্যাহার করা হয়।

বিবিসির তথ্য অনুযায়ী, ইনফান্তিনো ও গ্রাফস্ট্রোম যৌথভাবে ফিফার সহসভাপতি, কাউন্সিল সদস্য এবং ২১১টি সদস্যদেশের ফুটবল সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে ‘আন্তরিক ক্ষমা’ চেয়েছেন। তাঁরা স্বীকার করেছেন, ফিফা কাউন্সিল ও সদস্যদেশগুলোকে যথাযথভাবে সম্পৃক্ত না করাটা ভুল ছিল এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

ফিফার ভাষ্য, পুরো প্রক্রিয়ায় যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণে যে ত্রুটি ছিল, তা স্বীকার করা হয়েছে। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে ফিফার ভাবমূর্তি, সুশাসন ও নিয়মকানুন নিয়ে ‘ভিত্তিহীন আক্রমণ’ বরদাশত করা হবে না এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তবে ক্ষমা চাওয়ার পরও বিতর্ক থামেনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। অন্যদিকে পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো তাঁর পদত্যাগ দাবি করে বলেছেন, ইনফান্তিনো ফিফা সভাপতির পদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন এবং ফুটবলের স্বার্থে তাঁর সরে দাঁড়ানো উচিত।

এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও আগের অবস্থানেই রয়েছে। সংস্থাটি জানিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা নেই এবং প্রয়োজন হলে ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। ওয়েলসসহ কয়েকটি সদস্যদেশ ইতোমধ্যে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

সব বিতর্কের মধ্যেও ৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। ওই নির্বাচনে জয়ী হতে হলে ২১১ সদস্যদেশের মধ্যে অন্তত ১০৬টি ভোটের প্রয়োজন হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ