তিন দেশে ভিন্নধর্মী উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ফিফার
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে এক নজিরবিহীন পরিকল্পনা গ্রহণ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত এই মহাযজ্ঞের শুরুটা হবে আগের চেয়ে একেবারেই ব্যতিক্রম। বিশ্ব ফুটবলের এই বৈশ্বিক ইভেন্টকে রাঙাতে তিন আয়োজক দেশ—মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় পৃথক তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ফিফা। শুক্রবার (৮ মে) ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এসব উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত তারকারা।
আগামী ১১ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের লড়াই। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে হবে এই আসরের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে সুরের মূর্ছনায় দর্শকদের মাতাবেন কলম্বিয়ার জনপ্রিয় শিল্পী জে বালভিন, একাধিক গ্র্যামিজয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ। বর্ণাঢ্য এই আয়োজনে পারফর্ম করবেন মেক্সিকোর লাতিন পপ তারকা বেলিন্ডা, গায়ক ও গীতিকার লিলা ডাউনস, দক্ষিণ আফ্রিকার শিল্পী টাইলা এবং ঐতিহ্যবাহী মেক্সিকান কুম্বিয়া ঘরানার ব্যান্ড লস অ্যাঞ্জেলেস আজুলেসও।
১২ জুন কানাডার টরন্টোতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনা। সেখানে আয়োজিত দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেইয়েজ ও নোরা ফাতেহিসহ দেশি-বিদেশি জনপ্রিয় শিল্পীরা। আয়োজকদের দাবি অনুযায়ী, এই অনুষ্ঠানের মাধ্যমে কানাডার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।
একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে তারার মেলা। সুপার বোল হাফটাইম শো মাতানো বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি আবারও ফিরছেন বড় ক্রীড়া মঞ্চে। তার সঙ্গে মঞ্চ মাতাবেন র্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা, ব্রাজিলিয়ান তারকা আনিত্তা, রেমা এবং টাইলা। ফিফা জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের এই আয়োজনে পরবর্তীতে আরও কয়েকজন শিল্পীর নাম যুক্ত করা হবে।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানগুলোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন ভেনেজুয়েলার রেগেটন শিল্পী ড্যানি ওশান এবং বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। পুরো আয়োজনে দর্শকদেরও অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ করে তোলার পরিকল্পনা রয়েছে ফিফার, যার ফলে ভক্তদের আগেভাগেই স্টেডিয়ামে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে