Views Bangladesh Logo

বিশ্বকাপের টিকিটের বাড়তি দাম, যুক্তরাষ্ট্রে আইনি জটিলতায় ফিফা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণ এবং বিভ্রান্তিকর আসন বরাদ্দের অভিযোগে যুক্তরাষ্ট্রে আইনি নজরদারির মুখে পড়েছে ফিফা। নিউইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ যৌথভাবে ফিফাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। এতে টুর্নামেন্টের টিকিটের মূল্য কাঠামো ও আসন বরাদ্দ নীতিমালা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) স্থানীয় সময় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং নিউ জার্সি অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট বলেন, ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম আগের যেকোনো আসরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম “ডায়নামিক প্রাইসিং” পদ্ধতি চালু করেছে ফিফা। এর ফলে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম ওঠানামা করছে। তবে অনেক ফুটবলপ্রেমীর অভিযোগ, উচ্চমূল্য পরিশোধ করেও তারা স্টেডিয়ামে তুলনামূলক কম সুবিধাজনক বা নিম্নমানের আসন পেয়েছেন।

অভিযোগের সংখ্যা বাড়তে থাকায় দুই অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে ব্যাখ্যা চেয়েছে বলে জানা গেছে।

গত বছরের অক্টোবর থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়। এর আগে টিকিটের মূল্য নিয়ে সমালোচনার জবাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, বিশ্বকাপের টিকিটের জন্য বৈশ্বিক চাহিদা নজিরবিহীন, অথচ আসনসংখ্যা সীমিত।

আইনি নোটিশে বলা হয়েছে, নিউইয়র্ক ও নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট মূল্য নির্ধারণ পদ্ধতি, আসনের অবস্থান কীভাবে মূল্যে প্রভাব ফেলছে এবং ক্রেতারা প্রতিশ্রুত মানের আসন পাচ্ছেন কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে ফিফাকে।

লেটিশিয়া জেমস বলেন, “অন্যায্য পদ্ধতিতে কাউকে অতিরিক্ত মূল্য দিতে বাধ্য করা উচিত নয়।” তিনি আরও বলেন, টিকিট কেনার সময় ক্রেতাদের যেসব আসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা যেন সেই মানের আসনই পান, তা নিশ্চিত করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ