বর্ণবাদী ইঙ্গিতের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিশ্বকাপের ভিএআর কর্মকর্তা
২০২৬ ফিফা বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দলের সদস্য অস্ট্রেলিয়ার শন ইভানসকে বর্ণবাদী ইঙ্গিতপূর্ণ হাতের সংকেত দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ফিফা।
ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটি তদন্ত শেষে জানিয়েছে, ইভানস ফিফার শৃঙ্খলা বা নৈতিকতা বিধি লঙ্ঘন করেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়েছে।
রোববার জার্মানির ৭–১ গোলে কুরাসাওকে হারানোর ম্যাচে ভিএআর কক্ষে ধারণ করা একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে ইভানসকে ডান পায়ের সামনে বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে ‘ওকে’ চিহ্নের মতো একটি হাতের ভঙ্গি করতে দেখা যায়।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যান্টি-ডিফেমেশন লিগ (ADL) এই ‘ওকে’ হাতের ইঙ্গিতকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর সম্ভাব্য ঘৃণার প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেছিল। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইভানসের বিরুদ্ধে বর্ণবাদী ইঙ্গিত দেওয়ার অভিযোগ তোলেন।
এ ঘটনায় বর্ণবাদবিরোধী সংস্থা ফেয়ার তাকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি শন ইভানস।
সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে ইভানস বলেন, তিনি যে হাতের ভঙ্গি করেছিলেন, সেটি নিয়ে কোনো বিতর্ক হতে পারে—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং কোনো ধরনের বিদ্বেষপূর্ণ বার্তা দেওয়ার উদ্দেশ্য তার ছিল না।
ফিফার শৃঙ্খলা কমিটি এক বিবৃতিতে জানায়, ‘সহকারী ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি শন ইভানসকে ঘিরে ওঠা অভিযোগ তদন্ত করে ফিফার শৃঙ্খলা বিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে কমিটি মি. ইভানসের ব্যাখ্যাও বিবেচনায় নিয়েছে।’
তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় বিশ্বকাপে ভিএআর দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবেন অস্ট্রেলিয়ান এই কর্মকর্তা। সূত্র: দ্য গার্ডিয়ান
মতামত দিন