মরক্কোয় জরুরি বৈঠকে বসছেন ফিফা প্রধান ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করেও সমালোচনার মুখ থেকে বের হতে পারছেন না ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। নেতৃত্ব নিয়ে বাড়তে থাকা সংকটের মধ্যে বুধবার মরক্কোয় ফিফার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন তিনি।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের একটি প্রস্তাব সম্প্রতি সামনে আনেন ইনফান্তিনো। পরিকল্পনাটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার খবর প্রকাশ হওয়ার পর তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।
তীব্র সমালোচনার মুখে গত শুক্রবার পরিকল্পনাটি প্রত্যাহার করেন ইনফান্তিনো। তবে সিদ্ধান্ত বদলের পরও তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন থামেনি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা প্রকাশ্যে জানিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের আর আস্থা নেই। ফলে আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদে তার পুনর্নির্বাচনের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
ইতোমধ্যে ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। একই সঙ্গে ফিফার ভেতর থেকেও সমালোচনা শুরু হয়েছে। সংস্থাটির মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এক অভ্যন্তরীণ বার্তায় পুরো ঘটনাকে 'দুঃখজনক ও নিন্দনীয় ধারাবাহিক ঘটনা' বলে উল্লেখ করেছেন।
এর আগে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোর অভিযোগ করেন, এই পরিকল্পনা সম্পর্কে কর্মকর্তাদের বিভ্রান্ত করা হয়েছিল এবং এটি মূলত একজন ব্যক্তির উদ্যোগ ছিল।
এদিকে ইনফান্তিনোর ঘনিষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পরিকল্পনার বিরোধিতা করে পদত্যাগ করেছেন। এছাড়া ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান এবং আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারও বলেছেন, পরিকল্পনাটি বাতিল করা ছিল প্রয়োজনীয় সিদ্ধান্ত।
এ অবস্থায় মরক্কোর সালেতে ফিফার আফ্রিকা কার্যালয়ে অনুষ্ঠিতব্য বৈঠককে ইনফান্তিনোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে অন্তত আগামী মার্চের নির্বাচন পর্যন্ত তার নেতৃত্ব কীভাবে ধরে রাখা যায়, সে বিষয়ে আলোচনা হবে।
ফিফার গঠনতন্ত্র অনুযায়ী, সদস্য দেশগুলোর অন্তত ৪৩টি লিখিতভাবে আবেদন করলে জরুরি কংগ্রেস ডাকা সম্ভব। সে ক্ষেত্রে ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থাভোটের পরিস্থিতিও তৈরি হতে পারে।
এদিকে উয়েফার পাশাপাশি কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের একটি অংশও তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনো পদত্যাগ না করলে কয়েকটি আঞ্চলিক ফুটবল সংস্থা বিকল্প প্রতিযোগিতা আয়োজনের বিষয়েও ভাবতে পারে।
তবে সব সমর্থন হারাননি ইনফান্তিনো। এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি সদস্য দেশ এখনও তার পাশে রয়েছে। কাতার, কুয়েত, লেবানন, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, উন্নয়ন তহবিলের মাধ্যমে ছোট ও উন্নয়নশীল ফুটবল দেশগুলোর কাছে ইনফান্তিনোর জনপ্রিয়তা এখনও উল্লেখযোগ্য। তার বিতর্কিত পরিকল্পনায় সমর্থন দেওয়া সদস্য দেশগুলোকে আগামী বছরের শুরুতে ২ থেকে ৪ কোটি মার্কিন ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার প্রস্তাবও ছিল।
মতামত দিন