Views Bangladesh Logo

দুই সাবেক ফুটবল কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করল ফিফা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই দেশের সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তারা হলেন মন্টসেরাটের সাবেক ফুটবল প্রধান ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার নৈতিকতা কমিটির বিচারিক প্যানেল তদন্ত শেষে দুজনকেই ফুটবল-সংক্রান্ত সব কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দুজনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও প্রমাণিত হয়েছে।

ভিনসেন্ট ক্যাসেলের বিরুদ্ধে দায়িত্বের অপব্যবহার, স্বার্থের সংঘাত এবং ফিফার তহবিলের অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আজীবন নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। ফেডারেশনের কর্মীদের শারীরিক ও মানসিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন আচরণের অভিযোগও তার বিরুদ্ধে ছিল।

মালদ্বীপের সাবেক ফুটবল প্রধান বাসাম আদিল জালিলের বিরুদ্ধে অভিযোগ ছিল আরও নির্দিষ্ট। করোনাভাইরাস মহামারির সময় ফিফার দেওয়া ত্রাণ তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয়েছে। মহামারির সময়ে সদস্য দেশগুলোর জন্য ফিফা সর্বোচ্চ ১৫ লাখ ডলার পর্যন্ত সহায়তা দিয়েছিল। মালদ্বীপের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জালিল ওই তহবিলের ১২ লাখ ডলার আত্মসাৎ করে একটি অ্যাপার্টমেন্ট কেনার কাজে ব্যবহার করেছিলেন। এ ঘটনায় দেশটির আদালত তাকে ২৩ বছরের কারাদণ্ডও দিয়েছিল।

ক্যাসেলের বিরুদ্ধে অবশ্য এর আগেও অনিয়মের অভিযোগ উঠেছিল। মন্টসেরাটের দীর্ঘদিনের এই ফুটবল কর্মকর্তা ও তার সাধারণ সম্পাদক ট্যান্ডিকা হিউজ গত এপ্রিলে কর ফাঁকির মামলায় দেশটির আদালতে দোষ স্বীকার করেন।

এরও আগে ২০১১ সালে ক্যারিবীয় ফুটবল কর্মকর্তাদের ৪০ হাজার ডলার নগদ অর্থ দেওয়ার ঘটনায় ফিফার নৈতিকতা কমিটির তদন্তের মুখে পড়েছিলেন ক্যাসেল ও হিউজ। ওই অর্থ তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারকে চ্যালেঞ্জ করে মোহাম্মদ বিন হাম্মামের নির্বাচনী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

এতসব অভিযোগ ও তদন্তের পরও ক্যাসেল ও হিউজ মন্টসেরাটের ফুটবল পরিচালনায় যুক্ত ছিলেন। বিশ্বকাপের বাণিজ্যিক আয় থেকে দেশটির ফুটবল সংস্থা বছরে অন্তত ২০ লাখ ডলার পাওয়ার অধিকারী। তবে প্রাতিষ্ঠানিক অচলাবস্থা ও সংকটের কথা উল্লেখ করে গত ফেব্রুয়ারিতে সেখানে জরুরি ব্যবস্থাপনা দল নিয়োগ করে ফিফা।

ক্যাসেলের সহযোগী ট্যান্ডিকা হিউজকেও শাস্তি দিয়েছে ফিফা। তাকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি অনিয়মিত লেনদেনে সুবিধা নেওয়া ও তা সহজ করার অভিযোগে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

অন্যদিকে জালিলকে ১০ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। একই ঘটনায় মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক অর্থ পরিচালক মোহাম্মদ আগিলকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে ১ লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।

ফিফার ভাষ্য অনুযায়ী, অর্থের অপব্যবহারে সহায়তা ও তা গোপন করা, জাল নথি ব্যবহার এবং নৈতিকতা কমিটির তদন্তে সহযোগিতা না করার অভিযোগে আগিলকে শাস্তি দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ